৭১ সালে পূর্ব পাকিস্তানে যখন রাজনৈতিক দূর্যোগ ঘনিয়ে আসে তখন আমি রাজশাহীতে। ভাইস চান্সেলর পদে অধিষ্ঠিত। ডিসেম্বরের নির্বাচনের পরই দেশের আবহাওয়ায় একটা গুরুতর পরিবর্তন ঘটে। নির্বাচনের পূর্বেই আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছিলেন যে, তাদের ছয় দফা দাবী আলোচনা সাপেক্ষ অর্থাৎ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ব্যপারে স্থির নিশ্চয় হলেও এর খুটিনাটি সম্বন্ধে আলোচনা করতে রাজী থাকবেন। অথচ যখন দেখা গেল দু'টো আসন ছাড়া আওয়ামী লীগ সবগুলো আসনই দখল করতে সমর্থ হয়েছে তখন তারা বললেন যে, ছ'দফার কোন নড়চড় হবে না। এই অনমনীয় মনোভাব সত্ত্বেও আওয়ামী লীগ বহির্ভূত অনেকের ধারণা ছিল যে শেষ পর্যন্ত একটা আপোষ করা সম্ভব হবে। কারণ ছ'দফায় স্বায়ত্তশাসনের কথা ছিল, স্বাধীনতার দাবী ছিল না। কিন্তু নির্বাচনে বিজয়ের পরক্ষণেই ঘোষণা করা হল যে আওয়ামী লীগ নেতা রাজনৈতিক আলোচনার জন্য ইসলামাবাদে যাবেন না এবং গণপরিষদের বৈঠক পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত হতে হবে। সংসদে নবনির্বাচিত সদস্যরা ঢাকায় বসে হলপ গ্রহণ করলেন যে তারা ছ'দফা থেকে কিছুতেই বিচ্যুত হবেন না।